আনন্দ বিনোদন ডেস্ক: আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে অনুষ্ঠানটির ২০তম সিজন। বরাবরের মতো এবারও সঞ্চালকের দায়িত্বে থাকছেন বলিউড সুপারস্টার সালমান খান। এরই মধ্যে নতুন মৌসুমের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সেই তালিকায় এবার আলোচনায় উঠে এসেছে ‘নাগিন’খ্যাত বাঙালিকন্যা মৌনী রায়ের নাম। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগ বস ২০’-এ অংশ নেওয়ার জন্য মৌনীর সঙ্গে যোগাযোগ করেছেন অনুষ্ঠানের নির্মাতারা এবং তাকে আকর্ষণীয় পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাবে অভিনেত্রী সম্মতি জানিয়েছেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
মৌনীর সম্ভাব্য অংশগ্রহণের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। দর্শকদের অনেকেই মনে করছেন, বলিউড ও টেলিভিশনে জনপ্রিয় এই অভিনেত্রী ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করলে অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়তে পারে।
মৌনী ছাড়াও এবারের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় মাহি ভিজ, গীতা বসরা, সুনীল পালসহ বেশ কয়েকজন তারকার নাম ঘুরছে। বিভিন্ন প্রতিবেদনে আরও কয়েকজন তারকার সঙ্গে নির্মাতাদের যোগাযোগের কথাও উঠে এসেছে। তবে এসব নামের বেশিরভাগই এখনো গুঞ্জনের পর্যায়ে রয়েছে।
এদিকে ‘বিগ বস ২০’-এর প্রচারণায় ইতোমধ্যে নতুন চমকের ইঙ্গিত দিয়েছেন সালমান খান। এবারের মৌসুমে ‘এক্সট্রা জীবন দান’ নামে একটি বিশেষ টুইস্ট রাখা হয়েছে। এর মাধ্যমে প্রতিযোগীদের খেলার কৌশল ও প্রতিযোগিতার গতিপথে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে প্রকাশিত আরেকটি প্রোমোতে সালমান খান ‘এক বরদান’-এর ইঙ্গিত দিয়েছিলেন। নতুন মৌসুমে প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হবে কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সব মিলিয়ে ‘বিগ বস ২০’ নিয়ে এরই মধ্যে দর্শকদের আগ্রহ তুঙ্গে। মৌনী রায় শেষ পর্যন্ত অনুষ্ঠানে যোগ দেন কি না, আর ‘এক্সট্রা জীবন দান’ কীভাবে খেলায় প্রভাব ফেলবে—এসব প্রশ্নের উত্তর মিলবে নতুন মৌসুম শুরু হলে।
আপনার মতামত লিখুন :